রাজ-মীম অভিনীত পরিচালক রায়হান রাফির বর্তমান সময়ের আলোচিত সিনেমা ‘পরান’ দেখতে সিনেমা হলের মতই দর্শকের উপচে পড়া ভিড় ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। আর এর মাধ্যমে জবিতে শেষ হলো তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী 'আমাদের সিনেমা'।
গত বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত 'আমাদের সিনেমা' শিরোনামে বাংলা সিনেমা প্রদর্শনীর দুপুর ১টা ৩০ মিনিটের শো-তে দর্শকদের এমন উপস্থিতি লক্ষ করা যায়। বেলা বারোটায় শো শুরু হওয়ার কথা থাকলেও আয়োজকেরা জানান দর্শকদের চাপ ছিল অনেক বেশি।
আয়োজনের সেচ্ছাসেবী ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সোলাইমানের সঙ্গে কথা বলে জানা যায়, পরান ছবির টিকিট বিক্রির তারিখ ছিল ১১ ও ১২ সেপ্টেম্বর। ‘আমাদের সিনেমা’ প্রদর্শনীর প্রধান আকর্ষণই ছিল পরান সিনেমাটি। প্রথম দিন টিকিট বিক্রি শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় আমাদের নির্দিষ্ট পরিমাণ টিকিট। আর দ্বিতীয় দিনেও একই ঘটনা ঘটে।
সিনেমা দেখে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌসী তামান্না বলেন, পরাণ সিনেমা দেখার সময়টা বেশ উপভোগ করেছি। গল্পের কাহিনীটা বর্তমান সময়ের সাথে বেশ মানানসই ছিল। সামাজিক একটা সিনেমা পরান। সপরিবারের উপভোগ করার মতো একটা সিনেমা। বর্তমানে বাংলাদেশে সপরিবারে দেখার মতো সিনেমা নেই বললেই চলে। তাই এ ধরনের সামাজিক আরও ভালো ভালো মুভির প্রত্যাশা করি চলচ্চিত্র জগত থেকে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আমান হোসেন বলেন, এবারের আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি এবং তা আমাদের আয়োজনে আরও অনুপ্রেরণা দিয়েছে। আমরা খুব শীঘ্রই আরও একটা ইভেন্ট শুরু করব। শো শেষে পরান সিনেমার টিম আসার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে আসতে পারেননি। সেটার জন্য আন্তরিক দুঃখিত। তবে পরান সিনেমায় দর্শকদের সাড়া দেখে মনে হচ্ছে চলচ্চিত্রের সুদিন ফিরেছে।
পরান সিনেমা প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো গত ৫ সেপ্টেম্বর ২০২২ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হওয়া ৩দিন ব্যাপী (৫, ৭ এবং ১৪ সেপ্টেম্বর) ‘আমাদের সিনেমা’ শিরোনামে বাংলা চলচ্চিত্র প্রদর্শনী।

0 মন্তব্যসমূহ